বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে ধান মজুদ রাখায় সাতটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে এ দন্ডাদেশ দেন।
আদালত সূত্র জানায়, বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মরাগারিয়া বন্দরে ফজলুর রহমানের গুদামে, জামুরহাট বাজারে রিজু ট্রেডার্স, নূর মোহাম্মদ ট্রেডার্স, বিহার ইউনিয়নের সিঙ্গাগাড়ীতে তাহেরুল ইসলামের গুদামে, বুড়িগঞ্জ এলাকার সাহা চাল কল, রজিব অ্যান্ড ব্রাদার্স অটো রাইস মিল ও সুমন অ্যান্ড নিরব অটো রাইস মিলে অভিযোগ পরিচালনা করা হয়।
এসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা তাদের গুদামে অবৈধভাবে চাল ও ধান মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ফুড লাইসেন্স না থাকায় মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের অভিযান চলাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার, জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক দুদু ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, অবৈধ মজুদদারীর বিরুদ্ধে অভিযান চালনা হয়েছে। লাইসেন্স না থাকা সত্বেও চাল মজুদ ও কেনা-বেচা করায় কয়েকটি প্রতিষ্ঠানের এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।