বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে এক যুবতীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ মামলায় দুলু প্রামানিক (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন; গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে।
বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ রায় দেন। রাষ্ট্রপক্ষে ওই আদালতের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন এ তথ্য দিয়েছেন।
আদালত ও এজাহার সূত্র জানায়, সাজাপ্রাপ্ত দুলু প্রামানিক বগুড়ার ধুনট উপজেলার আনারপুর দহপাড়া গ্রামের সিদ্দিক হোসেন প্রামানিকের ছেলে।
তিনি গত ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশি তালাকপ্রাপ্তা যুবতীর শয়ন ঘরে প্রবেশ করেন। এরপর তিনি তাকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ব্যাপারে ভিকটিম ধুনট থানায় একমাত্র আসামি দুলুর বিরুদ্ধে মামলা করেন। আসামি গ্রেফতারের পর আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করেন।
তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই বুলবুল ইসলাম তদন্ত শেষে আসামি দুলু প্রামানিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ ১৩ বছর পর আদালত বৃহস্পতিবার দুপুরে আসামির অনুপস্থিতিতে এ সাজা ঘোষণা করেন।
স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন জানান, গ্রেফতারের পর থেকে সাজা কার্যকর হবে।