বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে প্রবাহিত যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
পানি বৃদ্ধিতে উপজেলার চরাঞ্চল ও ফসলি জমি ও বাঁধের পূর্ব পাশে বাড়িঘরে পানি প্রবেশ করছে।
শনিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। গত ২৪ ঘন্টায় যমুনা নদীতে পানি ৪২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পাশের সোনাতলা ও ধুনট উপজেলার চিত্র একই।
গত দুইদিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, বোহাইল, কাজলা, চন্দনবাইশা, সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, কুতুবপুর ও কামালপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ধান, মাশকলাই, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ফসলী জমিতে পানি প্রবেশ করেছে।
অপরদিকে সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি বৃদ্ধিতে চর গোদাগাড়ী, নিজবরুরবাড়ি গ্রামে নদী তীরে ভাঙন দেখা দিয়েছে। ওই গ্রামে রাস্তা ভেঙে পাশে বিলে বন্যার পানি ঢোকার উপক্রম হয়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীতে আরো ২/৩ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।