বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে এক গৃহবধুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মন্টু মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা শুক্রবার রাতে তাকে শেরপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেন।
শনিবার দুপুরে র্যাব-১২ কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি নজরুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামি মন্টু মিয়া শেরপুর উপজেলার আমিনপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি গত ১৫ জুন প্রতিবেশি এক গৃহবধুকে নিজ বাড়িতে ডেকে আনেন। এরপর তিনি তাকে ধর্ষণ করেন। ভিকটিমের কান্না ও চিৎকারের আওয়াজে আশপাশের লোকজন ছুটে এসে গৃহবধুকে উদ্ধার করেন। এ সময় মন্টু মিয়া কৌশলে ঘটনাস্থল ত্যাগ ও আত্মগোপন করেন।
গৃহবধু পরদিন শেরপুর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। এছাড়া তিনি র্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পে এসে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর র্যাব সদস্যরা মন্টু মিয়াকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এর ধারাবাহিকতায় ১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে শেরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে তাকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।