বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: ঘরবাড়ি, জমির ফসল, মাছের ঘের রক্ষায় খুলনার কয়রায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে নির্মাণ করলেন এলাকাবাসী।
সোমবার (১৮ জুলাই) কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে সকালের ভাটি থেকে দুপুরের জোয়ার পর্যন্ত এলাকাবাসী রিংবাঁধের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন।
কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষ ভেঙে যাওয়া ৩০০ মিটার বাঁধ হাতে হাত মিলিয়ে প্রাণপণ চেষ্টা করে জোয়ার আসার আগেই নির্মাণ করেছেন। পানি উন্নয়ন বোর্ড এ কাজে কিছু বস্তা দিয়েছে।
উল্লেখ্য, রোববার (১৭ জুলাই) ভোররাতে কপোতাক্ষ নদের ভাটির টানে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের (১৪/১) বোল্ডারের বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রামের প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ঘর-বাড়ী সহ দুই হাজার বিঘা মৎস্য ঘের। রোববার স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের চেষ্টা চালালেও দুপুরে জোয়ারের পানির প্রবল স্রোতে দ্রুত লোকালয়ে পানি প্রবেশ করে। কিন্তু সোমবার তারা বাঁধ নির্মাণ করতে সক্ষম হয়।