বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলের পরিকল্পনায় পিতাকে হত্যার রহস্য উদ্ঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা।
এ ঘটনায় ময়মনসিংহের মো: আলম (৩৮) ও কুষ্টিয়ার মো: আরাফাতকে সোমবার (১৮ জুলাই) গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, প্রায় পৌনে দুই বছর তদন্তের পর গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ভাংনাহাটি পশ্চিমপাড়ার বহুল আলোচিত চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পিবিআই গাজীপুর।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় ভিকটিম গিয়াস উদ্দিন এর গ্যারেজে অটোরিক্সা রাখতো। ঘটনার রাতে ভিকটিমের ছেলে আবুজর (৩২) এবং ভাতিজা সবুজ (৩২) ভিকটিমের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় সাহাবুদ্দিন গংদের সাথে বিরোধ চরম পর্যায়ে থাকায় তাদেরকে ফাঁসানোর জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ ঘটনায় জড়িত অপরাপর আসামীদেরকে নিয়ে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মতে আলমকে ঘটনার রাতে ফোন কল করে ডাকে।
নিহত গিয়াস উদ্দিন এর ছেলে আবুজর, সবুজ, আরাফাত ও অন্যান্যরা ঘটনাস্থলের পাশে আক্তারের দোকানে বসে চা খায়। সকলে একত্রিত হয়ে পূর্ব পরিকল্পনা মাফিক রাতে গ্যারেজে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ভিকটিম এর মাথায় ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।
ঘটনায় জড়িত আসামী মো: আলম ভিকটিমকে হত্যার পর তার অটোরিক্সার ব্যাটারী পুরাতন হওয়ায় ভিকটিমের গ্যারেজে রাখা অন্য একটি নতুন অটোরিক্সা হতে ০৫ টি ব্যাটারী খুলে ব্যাটারীসহ তার অটোরিক্সাযোগে চলে যায়।
ভিকটিম গিয়াস উদ্দিন (৬০), শ্রীপুরের ভাংনাহাটির এলাকার বসতবাড়ীর সামনে রাস্তার পাশে অটো রিক্সার গ্যারেজসহ অটোরিক্সা তৈরি ও ক্রয়-বিক্রয় করতো। উক্ত গ্যারেজে বিভিন্ন অটো রিক্সার চালক অটো চার্জসহ দৈনিক গ্যারেজ ভাড়া প্রদানের ভিত্তিতে গ্যারেজে গাড়ি রাখতো। ভিকটিম গিয়াস উদ্দিন উক্ত গ্যারেজের ভিতর একপাশে কাঠের চৌকির উপর প্রতিদিন রাতে ঘুমাতো। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন ২০২০ সালের ১১ ডিসেম্বর সে গ্যারেজে ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকাল ভোরে গ্যারেজের ভিতরে কাঠের চৌকির উপর ভিকটিম গিয়াস উদ্দিনকে মাথায় রক্তাক্ত জখম প্রাপ্ত অবস্থায় পরিবারের সদস্যরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষনা করেন। এই সংক্রান্তে ভিকটিমের অপর ছেলে অলিউল্লাহ বাদী হয়ে শ্রীপুর থানায় এজাহার দায়ের করেন।
পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান আরো জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। মূলত ভিকটিম এর ছেলে আবুজর এবং ভাতিজা সবুজ তাদের সহযোগিদের সাথে পরিকল্পনা করে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ঘটনার রাতে ঘুমন্ত অবস্থায় ভিকটিমকে কুপিয়ে হত্যা করে।
পিবিআই এর হেফাজতে থাকা অবস্থায় আসামী মো: আলম ও মো: আরাফাত দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ কালে তারা ভিকটিম গিয়াস উদ্দিন হত্যাকান্ডে জড়িত মর্মে স্বীকার করলে আসামীদ্বয়কে ১৮ জুলাই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামীদ্বয় নিজেকে এবং ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদের নাম উল্লেখ করে ভিকটিম গিয়াস উদ্দিন হত্যাকান্ডের বিষয়ে পরিকল্পনা এবং অন্যান্য আসামীদের কার কি ভূমিকা ছিল বিস্তারিত বর্ণনা করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।