বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে মাছের প্রকৃতি প্রজনন বৃদ্ধি ও নতুন মাছ উৎপাদনসহ মৎস্য চাষীদের স্বাবলম্বী করতে রাঙ্গামাটি মৎস্য অধিদপ্তর কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
শনিবার (২৩ জুলাই) সকালে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এইসব কথা বলেন রাঙ্গামাটি মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
সভায় জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, কাপ্তাই হ্রদে মৎস্য প্রজনন বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরা বন্ধকালীন সময়ে প্রায় ২২ হাজার ৯শত ৫২ জন বেকার জেলেকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চাল ও জেলেরা যাতে স্বাবলম্বি হতে পারে তার জন্য গবাদি পশুও বিতরণ করা হয়েছে।
তাছাড়া তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলায় ক্রিক প্রকল্পের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা মৎস্য অধিদপ্তর।
কর্মকর্তারা দেশের মিঠা পানির মৎস্য ভান্ডার সংরক্ষণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।