বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম সেমিস্টারের দুই ছাত্রকে পিস্ট করে হত্যার ঘটনায় জড়িত ট্রাক চালক আমিনুর ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা রোববার মধ্য রাতে শেরপুর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সোমবার তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে আমিনুরকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে র্যাব-১২ বগুড়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান জানান, ট্রাক চালক আমিনুর ইসলাম দিনাজপুর সদরের হোসেনপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। সে বগুড়ার শেরপুরের রাজাপুরের পরিবার নিয়ে বসবাস করে।
গত ২৩ জুলাই বেলা দেড়টার দিকে তিন বন্ধু বগুড়া পলিটেকনিকের তানভীর আহমেদ (২২), সহপাঠী সাগর মোহন্ত (২২) ও কাপ্তাই পলিটেকনিকের আসাফুদ্দৌলা সানি (২২) একটি মোটরসাইকেলে বগুড়ার শাজাহানপুরের বনানী লিচুতলা থেকে দ্বিতীয় বাইপাস মহাসড়ক দিয়ে সদরের মাটিডালির দিকে যাচ্ছিল।
শাজাহানপুরের মাদলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছলে চালক সানি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়লে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা শেরপুরগামী খালি ট্রাক তাদের পিস্ট করে। ঘটনাস্থলেই তানভীর মারা যায়। বাইক চালক সানি ও আরোহী সাগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকালে সাগর মারা যায়। সানি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ ঘটনায় নিহত সাগরের চাচা শাজাহানপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে র্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারী শুরু করে। রোববার রাতে ট্রাক চালক আমিনুরকে তার শেরপুর উপজেলার বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান জানান, ঘটনার পর ট্রাক চালক বিভিন্ন স্থানে লুকিয়ে ছিল। তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। ইন্সপেক্টর (তদন্ত) আবদুর রউফ জানান, আমিনুরকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।