বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বহুল আলোচিত ও সমালোচিত শিল্পী আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বগুড়ার এমদাদুল হক নামে এক সাংবাদিক তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।
রোববার দুপুরে নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার নন্দীগ্রামের বিজরুল গ্রামের হাফিজার রহমানের ছেলে এমদাদুল হক জিডিতে উল্লেখ করেছেন, তিনি দৈনিক সময়ের কাগজ, দৈনিক চৌষক ও অনলাইন দৈনিক আলোর পথ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। গত ২৭ জুলাই অনলাইন দৈনিক আলোর পথে ‘হিরো আলমকে শেষ বার সতর্ক করলেন নুসরাত’ শিরোনামে রিপোর্ট করেন। ওইদিন বিকাল ৫.০৩ ও ৫.০৬টায় বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম (৩৪) তার ব্যবহৃত ০১৭৫৫-১৩৪৪৪০ নম্বর থেকে তাকে ফোন দেন।
এরপর ওই রিপোর্টের বিষয় নিয়ে হিরো আলম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও রিপোর্টটি ডিলিট করতে বলেন। অন্যথায় সমস্যা করবেন বলেন ভয়ভীতিসহ হুমকি প্রদান করেন। তিনি (এমদাদুল) নিরাপত্তার জন্য এ ব্যাপারে গত ৩০ জুলাই নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেন।
এমদাদুল হক জানান, তিনি হিরো আলমের সাবেক স্ত্রী নুসরাত জাহানের ফেসবুক আইডি থেকে তথ্য সংগ্রহ করেন। রিপোর্ট পাঠানোর আগে হিরো আলমকে তার নম্বরে ফোন দিলে তিনি রিসিভ করেননি। সে সময় তিনি সম্ভবত ঢাকার ডিবি অফিসে ছিলেন। বক্তব্য না নিয়ে নিউজটি করায় হিরো আলম তাকে ফোন করে হুমকি ও অকথ্যভাষায় গালিগালাজ করেন। নিরাপত্তার অভাব অনুভব করায় তিনি থানায় হিরো আলমের বিরুদ্ধে জিডি করেছেন।
নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, সাংবাদিক এমদাদুল হকের জিডি গ্রহণ করেছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে বক্তব্য জানতে রোববার বিকালে হিরো আলমকে ফোন দেওয়া হয়। তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন। এরপর আর ফোন ধরেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।