বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: সরকার ও রাষ্ট্র বিরোধী অপতৎপরতায় লিপ্ত হওয়ার অভিযোগে গাজীপুরে ১৭ জন জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে সোমবার (১ আগষ্ট) পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের সম্মেলন কক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) জাকির হাসান প্রেস ব্রিফিং এ জানান, গত ৩০ জুলাই সকালে ভোগড়া বাইপাস এলাকায় জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা গ্যাস ও বিদ্যুতের বিপর্যয় এবং দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদে ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি মহাসড়ক অবরোধ করে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে রাষ্ট্র বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে যান চলাচলে বাঁধার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর ইট পাটকেল বিক্ষেপ করা হয়।
এই বিষয়ে পলাতক আসামী গাছা থানা জামায়াতের আমীর আব্দুল মোতালিব, সেক্রেটারি আফজাল হোসাইনসহ ৯ জনের নামোল্লেখসহ এজাহার নামীয় ৩০ জন এবং অজ্ঞাতনামা ২০০-২২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
একইভাবে ৩১ জুলাই সকালে সাইনবোর্ড এলাকার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে জামায়াতে ইসলামীর একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়। সেখান থেকে পুলিশ জামায়াত নেতা মোতালিব, আফজাল হোসাইন, শামিম আল মামুন, জালাল উদ্দিন, আশরাফুল আলম রাজুসহ ৮ জনকে নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে আরো নয় জনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।