বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় দাম্পত্য কলহে স্ত্রী সুলতানা বেগম রুমাকে গলাকেটে হত্যার দায়ে সোবাহান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে বগুড়ার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াছমিন এ রায় দেন। তাকে আরো ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌসুলী অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব ও আদালত সূত্র জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত সোবাহান আলী বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। সাংসারিক নানা বিষয় নিয়ে স্ত্রী সুলতানা বেগম রুমার সাথে তার ঝগড়া-বিবাদ লেগে থাকতো।
গত ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা নিয়ে আবারো তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সোবাহান ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে স্ত্রী রুমাকে হত্যা করেন। এরপর লাশ বাথরুমের কাছে ফেলে রাখা হয়। পরে নিহতের মা রোকেয়া বেগম সোনাতলা থানায় জামাই সোবহান আলীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে সোনাতলা থানার এসআই মহিউদ্দিন একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। গ্রেফতারের পর থেকে সোবাহান জেল হাজতে ছিলেন।
এদিকে দীর্ঘ ১০ বছর পর তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বৃহস্পতিবার দুপুরে সোবাহান আলীকে মৃত্যুদন্ডাদেশ দেন। উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে রশিতে ঝুঁলিয়ে তার মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। এছাড়া আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। আসামি পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ মামলা পরিচালনা করেন।