বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ধুনট উপজেলা কৃষি অফিসের নৈশ প্রহরী লুৎফর রহমানকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ধুনট থানা পুলিশ শনিবার রাতে তাকে সিরাজগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করে। ওসি কৃপা সিন্ধু বালা এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, ধুনট উপজেলা কৃষি অফিসের নৈশ প্রহরী লুৎফর রহমান পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি প্রায় পাঁচ বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যবসায়ীর কাছে টাকা ধার নেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তিনি তালবাহানা শুরু করেন।
টাকা না পেয়ে ওই ব্যবসায়ী গত ২০১৯ সালে লুৎফর রহমানের বিরুদ্ধে বগুড়ার আদালতে মামলা করেন। গত ২৮ জুলাই আদালত ওই মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচ লাখ ১০ হাজার টাকা বাদীকে পরিশোধের নির্দেশ দেন। রায় ঘোষণার পর থেকে লুৎফর রহমান পলাতক ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে লুৎফর রহমানের অবস্থান নিশ্চিত হওয়া যায়। শনিবার রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, তাদের নৈশ প্রহরী লুৎফর রহমানের সাজা ও গ্রেফতারের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এছাড়া বিধিমোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হবে।