বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বারইভাগ (নয়াপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো-রায়গঞ্জ উপজেলার বারইভাগ (নয়াপাড়া) গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে আব্দুল মমিন খান (২৭) ও তার স্ত্রী মোছা: নাসরিন আক্তার (২৩)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সোয়া ৬ টার দিকে গ্রেপ্তারকৃতদের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।