বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রি কারসাজির মাধ্যমে বিক্রির অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ জরিমানা করেন।
মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা শহরের এসএস রোডের বড় বাজার ও সদর উপজেলার শিয়ালকোল বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় বড় বাজার এলাকার উৎসব নামের দোকান মালিককে ডাবল স্টিকার যুক্ত তৈরি পোশাক বিক্রির করায় ১০ হাজার টাকা, মূল্য তালিকা বা ভাউচার সংরক্ষণ না করায় সাইদ ডিম ঘরকে ৫ হাজার টাকা, একই অভিযোগে ফারুক স্টোর ও চাচা-ভাতিজা সবজি ভান্ডারকে চার হাজার টাকা, চালের দাম বেশি রাখায় মিম চাল ঘরকে তিন হাজার টাকা, নোংরা চিপস সংরক্ষণ করায় জয় স্টোরকে দুই হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় শিয়ালকোল বাজারের লোকমান পোল্ট্রি ফার্ম অ্যান্ড ফিডকে পাঁচ হাজার টাকাসহ মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গণমানুষের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাহমুদ হাসান রনি।