বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে নোংরা পরিবেশে রং ও পঁচা ময়দা দিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে ভাই ভাই নামে এক আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ জরিমানা করেন। এছাড়া বিভিন্ন অভিযোগে আরও চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে ভাই ভাই আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা পরিবেশে রং ও পঁচা ময়দা দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ আগস্ট) দুপুরে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ডিসপ্লেতে দামের ট্যাগ না থাকায় মিনিস্টার ইলেক্ট্রনিক্সের শোরুমকে ১০ হাজার টাকা, শতরূপা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, ১৮৫ টাকার সয়াবিন তেল ২০০ টাকায় বিক্রি করায় সজিব স্টোরকে পাঁচ হাজার টাকা ও ক্রয়ের ভাউচারসহ মূল্য তালিকা না রাখায় মামুন মুরগি ঘরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।