বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে নির্দেশ অমান্য করে ফটোকপির দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত একটি ফটোস্ট্যাট মেশিন জব্দ ও মালিককে ৫০০ টাকা জরিমানা করেছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার সকালে পৌর এলাকার স্কুল মার্কেটে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এসএসসি পরীক্ষা চলাকালে ফটোকপির দোকান বন্ধ রাখতে মাইকিংসহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এরপরও শিবগঞ্জ পৌর এলাকার উপজেলা সড়কে স্কুল মার্কেটে আনোয়ার নামে এক ব্যবসায়ী তার ফটোস্ট্যাটের দোকান খোলার রাখে। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই দোকানে অভিযান চালায়।
এ সময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ব্যবসায়ী আনোয়ার হোসেনের দোকানের একটি ফটোস্ট্যাট মেশিন জব্দ করা হয়। এছাড়া তাকে ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা জানান, এসএসসি পরীক্ষা চলাকালে সময়ে ফটোকপির দোকান বন্ধ রাখার জন্য মাইকিংসহ নানাভাবে সর্তক করা হয়েছে। নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় একটি ফটোস্ট্যাট মেশিন জব্দ ও জরিমানা আদায় করা হয়।