বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, মা ইলিশ সংরক্ষণে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর মেহেরনগর ও চরবেল পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে গ্রেফতারসহ ৮৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সেইসাথে অভিযানে জব্দ হওয়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করাসহ মা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।