বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: জালিয়াতির মাধ্যমে হাইকোর্টের আদেশ তৈরি করে দুর্নীতির মামলা ১০ বছর স্থগিত করে রাখার অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র জাহাঙ্গীর আলমসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
হাইকোর্টের নির্দেশে রিট শাখার সুপারিনটেনডেন্ট আবদুল মোমেন গত বৃহস্পতিবার বিকালে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা করেন।
বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী বাদির জবানবন্দি গ্রহণ করেছেন।
পরবর্তীতে আদালত তার আদেশ দিবেন। বাদি পক্ষে মামলায় সহয়তাকারী দুদকের
পিপি এসএম আবুল কালাম আজাদ জানান, সম্ভবত এ মামলার তদন্ত দুদককে
দেওয়া হবে।
আসামিরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া সিও অফিস রোডের আফতাব হোসেনের ছেলে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর সচিব কার্তিক চন্দ্র দাস ও ধাপসুকানগাড়ী বম্বপাড়ার সোলায়মান আলীর ছেলে শিক্ষানবিস আইনজীবী আবদুল মজিদ।
আদালত সূত্র জানায়, গত ২০০৭ সালে জাহাঙ্গীর আলম দুপচাঁচিয়া পৌরসভারমেয়র ও কার্তিক চন্দ্র দাস সচিব থাকাকালে বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র বেলাল হোসেন ওই বছরের ২৩ অক্টোবর মেয়র ও সচিবের বিরুদ্ধে ১৩ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলা করেন। পরে মামলাটি দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে স্থানান্তর হয়।
তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে চার্জশিটদাখিল করেন। মামলার শুনানি ও সাক্ষী গ্রহণের কার্যক্রম শুরু হয়। মেয়র জাহাঙ্গীর আলম মামলাটি বাতিলে হাইকোর্টে আবেদন করলে তা নাকচ হয়। অথচ আসামিরা মামলটি হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে মর্মে গত ২০১০ সালের ৮ ডিসেম্বর বগুড়ার আদালতে কাগজপত্র দাখিল করেন। এরপর থেকে ১০ বছর মামলার কার্যক্রম স্থগিত হয়েছিল।
পরবর্তীতে দুদক ঢাকা কার্যালয়ের আইনজীবীরা অনুসন্ধান করে জানতে পারেন, হাইকোর্টের ওই মিস কেসটি বগুড়ার দুপচাঁচিয়ার মামলার সাথে সংশ্লিষ্ট নয়। এটি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা।
দুদকের আইনজীবীরা জালিয়াতির মাধ্যমে মামলার কার্যক্রম স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত হওয়া পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে বগুড়ার পিপিকে চিঠি দেন। পিপি বিষয়টি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতকে অবহিত করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের জন্য রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) এক আদেশে ক্ষমতা অর্পণ করেন। হাইকোর্ট বিভাগের ফৌজদারী মিস কেসের (নং-২০১৪৪/২০১০) আদেশের তারিখ ও বিচারপতিদ্বয়ের নাম সম্বলিত আদেশ জালিয়াতির মাধ্যমে সৃজন করে আসামিরা দন্ডনীয় অপরাধ করেছেন। বাদীকে মামলায় সহায়তাকারী দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের পিপি এসএম আবুল কালাম আজাদ জানন, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। সম্ভবত মামলাটি তদন্ত করতে দুদককে দায়িত্ব দেওয়া হবে।