বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামে শাশুড়ি আমেনা বেগমকে হত্যার দায়ে পুত্রবধু মজিরন বেগমকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
সেইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এ দন্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত মজিরন বেগম সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী ও একই থানার গুদারচর গ্রামের মৃত শাকের প্রামাণিকের মেয়ে। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি মামলার বরাত দিয়ে জানান, উক্ত নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সাথে মজিরন বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি আমেনা বেগমের সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এ অবস্থায় ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর শাশুড়ির সাথে পুত্রবধুর ঝগড়া হয়। প্রায় দিনভর ঝগড়ার এক পর্যায়ে বাড়িতে কেউ না থাকায় শাশুড়ি আমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করে মজিরন।
এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে পুত্রবধূ মজিরন বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।