বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে দুই অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬ বিচারক সুপ্রিয়া রহমান বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ দন্ডাদেশ দেন।
দন্ডাদেশপ্রাপ্তরা হলো-পাবনা জেলা সদরের ভাউডাঙ্গা কালুরপাড়া গ্রামের মৃত ঈমান আলী বিশ্বাসের ছেলে মো: আব্দুল ওহাব (৩৫) ও একই এলাকার খয়ের বাগান গ্রামের মো: হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান মিজান। এদের মধ্যে আব্দুল ওহাব পলাতক রয়েছে।
আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মহসিন খান রানা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি মামলার বরাত দিয়ে জানান, সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাদাই সিলভার ডেল পার্কের সামনে ২০১৯ সালের ৬ নভেম্বর অভিযান চালিয়ে আব্দুল ওহাব ও মিজানকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে দু’টি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় ডিবি পুলিশের সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
এই মামলার তদন্তভার দেয়া হয় ডিবি পুলিশের সেই সময়ের অপর উপ- পরিদর্শক (এসআই) নাজমুল হককে। তদন্তকালে আসামিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাবনায় আব্দুল ওহাবের বাড়ি থেকে আরও ২৭টি পাইপ গান উদ্ধার করা হয়। মামলা চলাকালে জামিনে বের হয়ে আত্মগোপনে রয়েছে আব্দুল ওহাব। এ মামলার তদন্ত শেষে দু’জনকে অভিযুক্ত করে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালত উল্লেখিত রায় ঘোষণা করেন।