বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রাইয়া খাতুন নামে দেড় বছরের নিষ্পাপ শিশু কন্যাকে আছড়ে হত্যার দায়ে পিতা মনিরুল ইসলাম রঞ্জুকে (২৫) মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশও দেয়া হয়েছে।
মনিরুল সিরাজগঞ্জের সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো: আবুল বাশার মিঞা এ রায় দেন।
সংশ্লিষ্টআদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করে জানান, দন্ডাদেশপ্রাপ্ত মনিরুল ইসলাম রঞ্জুর সাথে ২০২০ সালে উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাজনীন নাহারের বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে বনিবনা ও পারিবারিক কলহের জেরে রঞ্জু তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।
এমতাবস্থায় তার স্ত্রী কন্যা সন্তান জন্ম দেয় এবং বাবার সঙ্গে মানিকগঞ্জে বসবাস করে আসছিল। নাজনীন নাহার ২০২২ সালের ২৭ মার্চ বাবার বাড়ি বেড়াতে আসে। এ সংবাদে ২৯ মার্চ রঞ্জু আত্মীয় স্বজন নিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ির সদস্যদের সাথে আপোষ মিমাংসা করে। এরপর রঞ্জু তার স্ত্রী ও দেড় বছরের শিশু সন্তান রাইয়া খাতুনকে বাড়িতে নিয়ে যায়। পরদিন পারিবারিক কলহের জের ধরে রঞ্জু তার ওই শিশু মেয়েকে মাটিতে আছড়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের নানা বাদী হয়ে জামাতা রঞ্জুসহ ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার পর র্যাব সদস্যরা রঞ্জুকে গ্রেফতার করে এবং সে আদালতে ১৬৪ ধারায় এ হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ মনিরুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রোববার দুপুরে আসামির উপস্থিতিতে উল্লেখিত রায় ঘোষণা করেন।