বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর জাজুরিয়া গ্রামে স্ত্রীকে হত্যার পর স্ট্রোক বলে জানাজা শেষে দাফনের সময় স্বামী আরব আলীকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আরব আলী ওই গ্রামের দানেজ আলীর ছেলে। চৌহালী থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করে জানান, আরব আলী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেতুয়াজানি গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে আরজিনাকে (৩০) বিয়ে করে প্রায় ১৩ বছর আগে। এরপর পরকীয়া প্রেমে প্রায় ২ বছর আগে একই এলাকার সপ্না নামে এক মেয়েকে বিয়ে করে আরব আলী। এ বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। প্রথম স্ত্রীর পরিবারের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে ৩ মাস আগে আরব আলী দ্বিতীয় স্ত্রীকে ডির্ভোস দেয়। এ নিয়ে আবারও স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
এরই জের ধরে শনিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আরব আলী স্ত্রী আরজিনাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর গভীর রাতে তার পরিবারের লোকজনকে জানানো হয় আরজিনা স্ট্রোক করেছে। এক পর্যায়ে পরিবারের লোকজনের সামনেই মাথায় পানি ঢালা হয় এবং জানানো হয় আরজিনা মারা গেছে। দুপুরের দিকে জানাজা শেষে দাফনের জন্য স্থানীয় কবরস্থানে তার লাশ নিয়ে যাওয়া হয়। এ সময় বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ কবরস্থানে গিয়ে লাশ দাফনে নিষেধ করে এবং স্বামীকে থানায় নিয়ে আসা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আরব আলী ঘটনার বর্ণনা দেয় এবং স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের চাচা বাদশা মিয়া বাদী হয়ে স্বামীসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।