বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরচালা গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ জোসনা খাতুন (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত জোসনা আমিরুল ইসলামের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে চরচালা গ্রামে অভিযান চালিয়ে জোসনা খাতুনকে গ্রেফতার করা হয়। এ সময় তার রান্না ঘরের চালের ড্রামের ভিতর থেকে ২ লাখ ২৮ হাজার ৬’শ টাকা মূল্যের প্যাকেট করা ৫.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তার স্বামী আমিরুল ইসলাম পলাতক রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।