বাংলা হেডলাইনস: দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপি এমন সময়ে তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চলেছে, যখন দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনা করছে দলটি; আর প্রথমবারের মত প্রধানমন্ত্রী পদে তারেক রহমান।
রিজভী বলেন, ‘‘গৌরবের ৪৮ বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, সংকট, শোককে ধারণ করেই বিএনপির পথচলা। আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি।
“আশা করি, আগামী ১ সেপ্টম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যমণ্ডিত হবে। এবং আমাদের দলের নেতা-কর্মী, অঙ্গসংগঠনের নেতা-কর্মী সবাই মিলে উদযাপন করব।”
কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। ওই দিন সকাল ৯টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থলে যাবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
সেখানে তিনি প্রথমে ফাতেহা পাঠ করবেন, তারপর বাবা-মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
এরপর ৫ সেপ্টেম্বর বিকাল ৩ টায় কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। এ্রছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে আছে বৃক্ষরোপন এবং মাছের পোনা ছাড়ার কর্মসূচি।
রিজভী জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সারাদেশে জেলা ও মহানগর বিএনপি ও এর ইউনিটগুরেও সুবিধাজনক সময়ে আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি পোস্টার প্রকাশ করবে।
সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহা সচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, আবদুস সালাম, মহানগর বিএনপির আমিনুল হক, ইশরাক হোসেন, যুব দলের নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।