বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা মা ও তার চার বছরের শিশু কন্যাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দী এলাকায় অভিযান চালিয়ে রাইজদ্দিন (৩৬) কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া নগদ ৭ লক্ষ ৯৮ হাজার টাকা ও হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন।
গত শনিবার রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা আল আমিনের স্ত্রী সাত মাসের অন্তঃসত্তা লাকী বেগম (২২) এবং তাদের মেয়ে আলিফা (৪)। নিহত গৃহবধূর বাড়ী সদর উপজেলার হুগড়া ইউনিয়নের রামনগর গ্রামে। ওই দিনই নিহত লাকির বাবা হাসমত আলী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।