বাংলা হেডলাইনস: জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস এর নির্বাহী বোর্ডের ২০২১-২৩ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত হয়। একটি মাত্র সদস্য দেশ ভোট দানে বিরত থাকে।
আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে নব-নির্বাচিত এই নির্বাহী বোর্ড কাজ শুরু করবে, পিআইডি’র এক প্রেস রিলিজে আজ জানানো হয়।
৫৪ সদস্যবিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর ৮টি অঙ্গ সংস্থার এই নির্বাচন সরাসরি ভোটে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বর্তমানে ইউনিসেফ ও ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের সদস্য।
এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।