বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় একটি মাদক মামলায় মাত্র তিন কার্যদিবসের রায় ঘোষণা করেছেন আদালত। দেশের বিচার ব্যবস্থাপনায় মাত্র তিন কার্যদিবসের রায় ঘোষণার ঘটনা এটাই প্রথম।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত নং-৪) ড. মো. আতিকুস সামাদ এই রায় ঘোষণা করেন।
রায়ে মামলার একমাত্র আসামি মো: সম্রাটকে (২৬) গাজা রাখার অপরাধে ছয় মাস এবং ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন।
এছাড়া আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাডন্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলো। মো. সম্রাট বরিশাল জেলার উজিরপুর থানার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মহানগরীর লবনচোরা থানা এলাকা থেকে মো. সম্রাটকে পুলিশ আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সম্রাটকে আসামি করে লবনচোরা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়।
চলতি বছরের ২১ অক্টোবর আদালতে চার্জ গঠন এবং ২২ অক্টোবর ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ২৫ অক্টোবর আর্গুমেন্ট ও আসামি শনাক্ত শেষে আদালত এই রায় ঘোষণা করেন ।