বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
কুয়েট এর রেজিষ্ট্রার জি এম শহিদুল আলম অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং রোববার সকাল দশটার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির দুটি হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের হিসাবে শুক্রবার রাত ১২টায় কুয়েটের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুয়েট এর রেজিষ্ট্রার বলেন যে ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৫/৬ আহত হয়েছে । পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে এই বন্ধ ঘোষণা করা হয় ।
খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতেই কুয়েট ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।