বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় স্বাধীনতা স্কয়ারে উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য গ্রিনরুম ও আধুনিক শৌচাগার সুবিধাসহ নির্মাণ করা হচ্ছে মুক্তমঞ্চ।
জেলা পরিষদ ২৫ লাখ টাকা ব্যয়ে এ মুক্তমঞ্চটি নির্মাণ করছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী এ মুক্তমঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, প্যানেল মেয়র-১ নূরুল হক, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) সৌরভ কুমার সাহা ও ঠিকাদার আকতার হোসেন উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেন ছোটখাট সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ভাড়ার কারণে অনেক সংগঠনের পক্ষে অডিটোরিয়ামে করা সম্ভব হয় না। এসব কথা বিবেচনা করেই প্রচুর অর্থ ব্যয়ে এই মুক্তমঞ্চটি নির্মাণ করছে জেলা পরিষদ।
পৌরসভার জমিতে নির্মেয় এ মুক্তমঞ্চের এক পাশে গ্রিনরুম ও অপর পাশে আধুনিক শৌচাগারের সুবিধা থাকবে উল্লেখ করেন তিনি।