বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয়দের কাছে দুই হাজার টাকা করে আদায়কালে আবদুর রহমান (৫০) নামে এক প্রতারক ধরা পড়েছে।
সোমবার দুপুরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের সাজা দিয়েছেন। ওসি আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাজাপ্রাপ্ত প্রতারক আবদুর রহমান নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের মৃত আবদুল কাদের ছেলে। তিনি সোমবার দুপুরে কুন্দারহাট এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার নামে জনগণের কাছে দুই হাজার টাকা করে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন।
গ্রামবাসীদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। সদুত্তোর দিতে না পারায় তাকে আটক করে জাতীয় সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দেন। তখন পুলিশ এসে প্রতারক আবদুর রহমানকে আটক করে।
নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি টাউট আইন ১৮৭৯ এর ০৬ ধারায় অর্ন্তভুক্ত হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রায়হানুল ইসলামের আদালত ১৫ দিনের কারাদন্ড দেন।
আদালত জানান, আব্দুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও একটি বাড়ি একটি খামারের ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় লোকদের কাছ থেকে টাকা তুলেছেন। এ কথা তিনি স্বীকার করেছেন। তাই তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।