বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নববধূ মীম (১৮) হত্যা মামলায় স্বামী নাজমুল হুদাকে (২১) নরসিংদী জেলার শিবপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত নাজমুল হুদা কাজিপুর উপজেলার জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান ২০২১ সালের নভেম্বর মাসে রাসেল মিয়া তার মেয়ে মীমকে একই উপজেলার জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হুদার সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের ৬ মাস পর ২০২২ সালের ৬ এপ্রিল মীমকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে তার স্বামী নাজমুল হুদা।
পরে মীমের বাবা রাসেল মিয়া বাদী হয়ে নাজমুল হুদাকে প্রধান আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর নাজমুল হুদা বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করে।
কাজিপুর থানা পুলিশ তাকে গ্রেফতারে ব্যর্থ হয়ে র্যাব-১২’র সহযোগিতা চাওয়া হয়। এরই প্রেক্ষিতে র্যাব-১২ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়ে নরসিংদী জেলার শিবপুর থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।