বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারের মালশন মোড়ে শনিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ছয় আন্ত:জেলা ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে দুটি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া গেছে।
রোববার বিকালে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছেন।
গ্রেফতার ডাকাতরা হলো নওগাঁ সদরের চক রামচন্দ্র এলাকার আবদুস সাত্তারের ছেলে বুলবুল (৩৪), একই এলাকার আবদুর রশিদরে ছেলে হাসান (২৫), আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের মৃত ফাইজুদ্দিনের ছেলে ফরিদ (২৬), একই গ্রামের মৃত মানিক সরদারের ছেলে সেন্টু সরদার (৩৫), তালেব মন্ডলের ছেলে রেজাউল মন্ডল (২৬) ও মহাদেবপুর উপজেলার মৃত মসতুল মন্ডলের ছেলে মুকুল মন্ডল (৫০)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই রকিব হোসেন জানান, শনিবার রাত ৩টার দিকে সান্তাহারের মালশন মোড়ে পাকার রাস্তার উপর বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পালানোর সময় ছয়জনকে গ্রেফতার করা হয়।
এদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাপাতি, একটি হাতুড়ি, দুটি লাঠি, এসটি সিএনজি অটো রিকশা, রশি, ছয়টি মাক্স ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গ্রেফতার ছয়জন আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এরা বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। রোববার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে গ্যাং লিডার মুকুল মন্ডলের বিরুদ্ধে নওগাঁ সদর ও মহাদেবপুর থানায় দস্যুতার মামলা রয়েছে।