বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: ভেজাল সন্দেহে চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্স থেকে বগুড়া শহরতলীর তিনমাথা এলাকায় বিসিআইসির বাফার গুদামে পাঠানো ১৭ ট্রাক বোঝাই ২৩৮ মেট্রিক টন টিএসপি সার খালাস বন্ধ করে দেওয়া হয়েছে।
পথিমধ্যে ট্রাক থামিয়ে বস্তা পরিবর্তন করে ভেজাল সার দেওয়া হয়েছে; এমন অভিযোগের ভিত্তিতে বাফার গুদাম কর্তৃপক্ষ সারগুলো নিতে অস্বীকৃতি জানায়। তারা বলছেন, পরীক্ষায় আসল প্রমাণিত হলেই সার গুদামে খালাসের অনুমতি দেওয়া হবে।
অভিযোগের সত্যতা নিশ্চিত হতে মঙ্গলবার সকালে পরীক্ষার জন্য সারের নমুনা সংগ্রহ করে রাজশাহীর পরীক্ষাগারে প্রেরণ করেছে। দুপুরের আগে চট্টগ্রাম থেকে আসা তিন সদস্যের তদন্ত কমিটি নমুনা সংগ্রহ করেছে। তারা তিনদিনের মধ্যে ফলাফল জানাবে।
বগুড়া জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জিয়াউল হক জানায় পরীক্ষায় সারগুলো ভেজাল প্রমাণিত হলে পরিবহণ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিসিআইসির বগুড়া বাফার গুদামের ইনচার্জ মোস্তফা কামাল জানায় চট্টগ্রামের টিএসসি কমপ্লেক্স থেকে প্রথমে চালানে সাতটি ট্রাকে ৯৮ মেট্রিক টন টিএসপি সার এখানে পাঠানো হয়। এমএইচআর কর্পোরেশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো সারের ট্রাকগুলো সোমবার সকালে বগুড়া শহরতলির তিনমাথায় বাফার গুদামে এসে পৌঁছে।
বেলা ১১টার দিকে আনলোড করার সময় স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়, সারের বস্তাগুলো পরিবর্তন করা। পথিমধ্যে আসল সার নামিয়ে নিয়ে ভেজাল সার পাঠানো হয়েছে। এ কারণে সারগুলো গুদামে রাখা যাবেনা। এর প্রেক্ষিতে ট্রাক থেকে সারের বস্তাগুলো আনলোড বন্ধ রাখা হয়।
এ সাতটি ট্রাকের সার ভেজাল কি না তা পরীক্ষার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের উপস্থিতিতে মঙ্গলবার সকালে নমুনা সংগ্রহ করা হয়। এরপর সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য বাফার গুদামের হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবিবের মাধ্যমে রাজশাহীর মৃত্তিক সম্পদ ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়।
বগুড়া বাফার গুদামের ইনচার্জ মোস্তফা কামাল আরো জানান, সাত ট্রাক বোঝাই সারের নমুনা সংগ্রহের পরপরই চট্টগ্রাম থেকে আরো ১০ ট্রাকে ১৪০ মেট্রিক টন টিএসপি সার এসেছে। ভেজাল সন্দেহে সেসব সারও আনলোড করা হয়নি।
এদিকে চট্টগ্রাম থেকে স্থানীয় প্রশাসনের অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্স থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্সের উপ প্রধান রসায়নবিদ রেজাউল হক, ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম এবং সহকারি ব্যবস্থাপক (প্রশাসন) আউয়াল হোসেন।
কমিটির সদস্যরা মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়া বাফার পরিদর্শন করেছেন। তারা সারগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন।
তদন্ত কমিটির সদস্যরা সাংবাদিকদের জানান, তিন দিনের মধ্যে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। কমিটির অন্যতম সদস্য ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম জানান, আগে পাঠানোর বস্তার সাথে পরে ১৭ ট্রাকে আসা সারের বস্তাগুলোর মধ্যে তারতম্য লক্ষ্য করা গেছে। তিনি জানান, সার রাসায়নিক দ্রব্য। খালি চোখে দেখে ভেজাল কি না তা বোঝা সম্ভব নয়। তাই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি আশা করেন, আগামী তিন দিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে। এরপর সে ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।