বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে সিরাজগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ ১০৩ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি মো: রেজাউল হাসান ও বিচারপতি মো: আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন। বিএনপি নেতাকর্মীদের জামিন আবেদনে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রোববার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের দায়ের করা মামলায় রোববার দুপুরে বিএনপির ১০৩ নেতাকর্মী আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্টের উল্লেখিত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর এ মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবীর চান্দুকে ঢাকা থেকে ও সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ ১২ নেতাকর্মীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
বর্তমানে তারা সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৭ পুলিশসহ বিএনপির ২৭ নেতাকর্মী আহত হয়।
সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে প্রধান আসামি করে বিএনপির ১১৫ নেতাকর্মীর নামে মামলা দায়ের করে পুলিশ।