বাংলা হেডলাইনস পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালীতে হাতুড়ি পেটার একমাস পর গৃহবধু রেনু বেগম (৫৫) হত্যার ঘটনায় প্রধান আসামি শুকুর আলীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার সাভার
এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান জিয়া
নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই আনজির হোসেনের নেতৃত্বে
সঙ্গীয় ফোর্স ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে আসামি শুকুর আলীকে আটক
করা হয়। বর্তমানে শুকুর আলী পুলিশ হেফাজতে রয়েছে।
ঘটনার পর থেকে প্রধান আসামি শুকুর আলী আত্নগোপন করে ঢাকার সাভার এলাকায়
একটি কয়লা কারখানায় কর্মরত ছিল।
এর আগে গত ১০ আগষ্ট বিকেলে তুচ্ছ ঘটনায় উপজেলার চক্কাওয়ালী গ্রামের আইয়ুব
আলী সরদারের বাড়ীতে গিয়ে তার স্ত্রী রেনু বেগমের সাথে কথা কাটাকাটির এক
পর্যায়ে স্থানীয় শুকুর আলী গাইন তার হাতে থাকা হাতুড়ি দিয়ে রেনু বেগমের
মাথায় সজোরে আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হয়।
গুরুতর অবস্থায় প্রথমে রেনু বেগমকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে
অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে খুলনার একটি
বেসরকারী ক্লিনিকে ভর্তি করান। সেখানে একমাস চিকিৎসাধীন অবস্থায় গত ১০
সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ১১ আগস্ট শুকুর আলী কে ১ নম্বর আসামি করে মহিলাসহ পাঁচজনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলা হয়। এরপর ঐদিনই মামলার ২নং আসামি শুকুর আলী গাইনের ছেলে হযরত আলী গাইন (২৫) কে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। এরপর সর্বশেষ শুক্রবার মামলার প্রধান আসামি শুকুর আলীকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।