বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শনিবার সকাল ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিনের প্রচন্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতে জনগণ বিশেষ করে স্টেশন, মাঠ, টার্মিনাল ও রোড ডিভাইডারসহ বিভিন্ন খোলা স্থানে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। এর আগে কয়েকদিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২.৪ ডিগ্রির মধ্যে ছিল।
তীব্র শীতের কারণে শহরের হকার্স মার্কেটসহ বিভিন্ন স্থানে গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। সরকারিভাবে ইতোমধ্যে প্রায় ৬৬ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে আরো ৩৬ হাজার পিসের চাহিদাপত্র পাঠানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।
বগুড়া আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, শনিবার সকাল ৬টায় বগুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়া ও হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় বগুড়ায় শৈত্য প্রবাহ শুরু হয়েছে।