শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশে কোনো বিদেশী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না : রিজভী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের কোনো চাপ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের যেকোন কূটনীতিক মিশনে উপস্থিত হলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

দেশে কোনো বিদেশী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না : রিজভী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তি ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন। আমি তার এ বক্তব্যের জন্য ধিক্কার জানাই। এ দেশের মানুষ রক্ত দিয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের অহংকার। আমাদের এক ইঞ্চি মাটিতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো আধিপত্যবাদী শক্তি এখানে নিতে পারবে না।

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি হিসেবে এ যৌথ সভার আয়োজন করা হয়। বিএনপি আশা করছে, উদ্বোধনী অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

রুহুল কবির রিজভী বলেন, চলমান রাজনীতিতে একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো রক্তের নেশা থেকে বেরিয়ে আসেননি। তার নির্দেশনায় দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমায় অগ্নিসংযোগ, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরও হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, দেশে যে স্থিতিশীলতা চলছে এবং ১৭ বছর পর গুম-খুনের রাষ্ট্রীয় চরিত্র থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকে কলঙ্কিত করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে শেখ হাসিনার শাসনামলে এ ধরনের পরিস্থিতিতে গুম, খুন, ক্রসফায়ার, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটত। কিন্তু বর্তমান সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। সরকারের এ আচরণ দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।

সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলার নেতারা সভায় অংশ নেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com