বাংলা হেডলাইনস: আগামী ২৬ এপ্রিল থেকে একযোগে সারাদেশে শুরু হবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম। চলতি মৌসুমে দেশে ৮ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার খাদ্য বিভাগ, কৃষি বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান।
তিনি বলেন খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁয় আগত ধানকাটা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি গুদামে ধান সংগ্রহকালেও একই ব্যবস্থা চালু থাকবে।
এ জন্য নিজস্ব অর্থায়নে মাস্ক, পিপিই, তাপমাত্রা মাপার যন্ত্র ও থার্মাল স্ক্যানার সরবরাহ করেছেন নওগাঁ-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়কালে আসন্ন বোরো মৌসুমে আগত ধানকাটা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত এবং সরকারি গুদামে ধান সংগ্রহকালে করণীয় সম্পর্কে এসব দিকনির্দেশনা দেন। জেলার ১১ টি উপজেলার জন্য পৃথক টিম গঠন করে দু’ এক দিনের মধ্যে ওইসব ব্যবস্থা প্রস্তুত করার নির্দেশনাও দেন তিনি।
গুদামে ধান সরবরাহের সময় কৃষককে যাতে কোনো প্রকার হয়রানি হতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্যও কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন তিনি।
এছাড়া সরকারি নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলার মাধ্যমে খাদ্য শস্য উৎপাদনের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন তিনি, তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতিতে জানানো হয়।