বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে উল্টে যাওয়া ট্রাকের চাপায় দুই সিএনজি অটো রিকশা যাত্রী নিহত এবং চালকসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার গোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেনÑবগুড়ার কাহালু উপজেলার মহিষমারা গ্রামের মৃত মনসের আলী শেখের ছেলে ধানচাল ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ (৪৫) ও নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের মাওলানা আবদুল খালেকের ছেলে কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাফাজ্জল হোসেন বুলবুল (৪২)।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই কাজল নন্দী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ছেড়ে আসা নন্দীগ্রামের বিজরুলগামী একটি সিএনজি অটোরিকশা মঙ্গলবার রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় যাত্রী নিতে দাঁড়ায়। অটো রিকশায় চালকসহ পাঁচজন ছিলেন। এ সময় রাজশাহী ছেড়ে আসা বগুড়াগামী একটি চিনি বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে সামনের স্প্রীং ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে যায়। ট্রাকের চাপায় অটো রিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই যাত্রী বুলবুল ও নুরুল ইসলাম শেখ মারা যান। আহত সিএনজি চালকসহ তিনজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের অবস্থা আশংকাজনক।