বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। এদের মধ্যে চারজন গুরুত্বর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিরাজকান্দি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিকরাইল ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন সরকার গ্রুপ ও একই ইউপির সদস্য ও নিকরাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি নুর আলম মন্ডল (নহু মেম্বার) গ্রুপের লোকজনের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৫জনের নাম পাওয়া গেছে। এরা হচ্ছেন মান্নান খা (৫৫), আব্দুল ছবুর সরকার (৬০), ফজলু মিয়া, (৩৫) লাল মিয়া (৩২) ও স্বাধীন সরকার (২৮)।
নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার জানান, বালুর ঘাটে আধিপত্য বিস্তার করার জন্য দেশীয় অস্ত্রসহ নহু মেম্বার, সাইদ ও বাবুর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় ৮জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউপি সদস্য নুর আলম মন্ডল (নহু মেম্বার) জানান, ইউপি চেয়ারম্যান মতিন সরকারের ভাই মমিন সরকারসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে সিরাজকান্দি বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে আমাদের ৭জন আহত হয়।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, উপজেলার সিরাজকান্দি বাজারে বালু ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের মুখোমুখি অবস্থান নেয়। পরে সেটি সংঘর্ষের রুপ নেয়। এতে ১৫জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।