বাংলা হেডলাইনস: রাজধানীতে নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ (পিংক বাস) চালু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে এ বিশেষ বাস সার্ভিস উদ্বোধন করেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বিআরটিসি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাসগুলো চলাচল করবে। তবে বুধবার থেকে নির্ধারিত রুটে নিয়মিত যাত্রীসেবা শুরু হওয়ার কথা রয়েছে।
প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস দিয়ে মহিলা বাস সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাসসহ আরও চারটি বাস এই সেবায় যুক্ত হবে। যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
রাজধানীতে নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল ও মোহাম্মদপুর-মতিঝিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসব বাস চলাচল করবে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস রাখা হবে।
নতুনবাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে।
এছাড়া মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করবে।
ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি মহিলা বাস চলাচল করবে।
বিআরটিসি বলছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।