অবশেষে বিভিন্ন অভিযোগের মুখে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে যথাক্রমে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ হারাতে হলো।
ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে সংগঠনটির এক নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় ও এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের বিরাজমান যে কমিটি আছে সেই কমিটি থাকবে। এই কমিটির শুধুমাত্র সভাপতির জায়গায় এক নম্বর সহ-সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে ও এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন সভাপতি ও সম্পাদককে পদত্যাগ করতে বলা হয়েছে।
কাদের বলেন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে আগামী ২০-২১ ডিসেম্বর।