বিরোধী বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির সদস্য মির্জা আব্বাস মঙ্গলবার ক্ষমতাসীন দলের মধ্যে চলমান ক্যাসিনো বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ‘ আপনি ( ওবায়দুল কাদের)বলেছেন যে ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন । আপনার বক্তব্যকে স্বাগত জানাই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা রাঘব বোয়ালদের ধরবেন।‘
এই স্থায়ী কমিটির সদস্য বিএনপির কারবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই মন্তব্য করেন।
আব্বাস প্রশ্ন করেন টোকাইের পকেট থেকে যদি এত টাকা বের হয়, তা হলে আপনাদের বাঘা বাঘা যারা আছেন তাদের পকেট থেকে কত টাকা বের হবে।
এদিকে সেতুমন্ত্রী ও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন ‘আমরা নিজেদের লোকদেরকে শাস্তি দিতে চাই প্রথম, যেটা অতীতে কখনো হয়নি।‘
তিনি বলেন ‘সহযোগী সংগঠনের পরিচয়ে তার মানে হচ্ছে আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধেই এই শুদ্ধি অভিযান, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।‘
সেতুমন্ত্রী বলেন সারা বাংলাদেশেই যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্যাসিনোর মত অপকর্ম ও অপরাধ করবে প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।