প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চলমান দুর্নীতি বিরোধী অভিযানে তাঁর কঠোর অবস্থান উল্লেখ করে বলেন, দল, মত, আত্মীয়, পরিবার বলে কিছু নেই যারাই এই অপকর্মের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি। এই অভিযান আমরা অব্যাহত রাখবো। সে যেই হউক না কেনো এখানে দল মত, আত্মীয়, পরিবার বলে কিছু নাই। যারা এর সাথে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো’।
শেখ হাসিনা বলেন ‘আমার কিন্ত হারাবার কিছু নেই , আমি বাবা, মা, ভাই সব হারিয়েছি। আমার বাবা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন, সেই দুখী মানুষের মুখে হাসি ফুটানোটাই হচ্ছে আমার একমাত্র কর্তব্য’।
প্রধানমন্ত্রী হোটেল সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন করার সময় এই বক্তব্য দেন।