প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে আজ বৃহস্পতিবার নয়াদিল্লীতে পোঁছিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে। বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল তাজ মহলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, শেখ হাসিনা তাঁর চারদিনের সরকারি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে রাষ্ট্রপতি ভবনে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করারও কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকালে দু দেশের মধ্যে কয়েকটি এক্সচেঞ্জ অব এগ্রিমেন্ট ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮ টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে নয়াদিল্লীর উদ্দেশ্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর ৬ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।