বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে টাকা ঘুষ নিয়েও মাটি কাটার কাজ না দেয়ায় বিক্ষুব্ধ দুস্থ নারীদের হাতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার লাঞ্ছিত হয়েছেন। বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে প্রতারণার শিকার নারীরা তার উপর চড়াও হন। পরে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। ফাহিমা দাবি করেছেন, পরিষদের সকল কাজ মনিটরিং করতে চাওয়ায় উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু তাকে হুমকি দেন। তার নির্দেশেই ওইসব নারীরা মিথ্যা অভিযোগে তাকে মারপিট করেছেন। সুস্থ হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন। তবে চেয়ারম্যান তার অভিযোগটি দৃঢতার সাথে অস্বীকার করে বলেছেন, টাকা নিয়ে কাজ না দেয়ায় ক্ষুব্ধ নারীরা ভাইস চেয়ারম্যানকে লাঞ্ছিত করেছেন।
ভুক্তভোগী কয়েকজন নারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার নিজেকে যুব মহিলা লীগ নেত্রী পরিচয় দিয়ে থাকেন। তিনি বিধবা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন প্রকল্পের কাজ দেবার নামে দুস্থদের কাছ থেকে টাকা নেন। কিছুদিন আগে মাটি কাটার কাজ দেবার নামে মহাস্থান পাথরপট্টি এলাকার ১০ জন দুস্থ নারীর কাছে ৭-৮ হাজার টাকা করে ঘুষ নেন। কাজ না পেয়ে ওই নারীরা ক্ষুব্ধ হন। বুধবার বিকাল ৩টার দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পরিষদে এলে ওইসব নারীরা তাকে ঘেরাও করেন। বাকবিতন্ডার এক পর্যায়ে তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হন।