প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রতিবার হতাশ হলেও এবার সুখবর পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে জনগণ আশা করবে, জনগণের যে প্রত্যাশা- তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পাবে। অবশ্যই যেন বাংলাদেশ সুখবর পায়, তা আমরা আশা করবো। আমরা আশা করবো আমাদের সীমান্তে যাতে হত্যা বন্ধ হয়।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক পেশাজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি’ শীর্ষক এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে প্রধানমন্ত্রী ভারতে গেছেন। আমরা সব সময় যেমন আশা করে থাকি…। ভারতের সাথে বাংলাদেশের এই সরকারের নাকি পর্বতের শৃঙ্গের মত সম্পর্ক। কিন্তু বারবার আমরা হতাশ হই। যত বার যান, এসে দেখি আমাদের যে মূল সমস্যাগুলো রয়েছে- সেগুলো সমস্যার সমাধান হয় না। কিন্তু আমরা দিয়ে আসি একেবারে উজার করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে নয়াদিল্লীতে গিয়েছেন।