বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ৪০ বছরের পুরনো বায়তুল আমান জামে মসজিদ পুন:নির্মাণের দাবিতে শুক্রবার গণজমায়েত শেষে প্রখর রোদের মধ্যে সড়কের ওপর জুম্মার নামাজ আদায় করেছেন মুসুল্লীরা।গণজমায়েতে চার দশকের পুরনো মসজিদটি পুন:নির্মাণের দাবি জানানো হয়।
ওলামা মাশায়েক আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানের আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও মানিকগঞ্জ জেরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও জেরা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, মানিকগঞ্জ পৌরআওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব বশির রেজা, মসজিদ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, পুন:নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে সড়ক উন্নয়নের নামে ৪০ বছরের মসজিদটি অপসারণ করে সড়ক ও জনপথ বিভাগ ও জেলাপ্রশাসন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে মসজিদটি পুন:নির্মাণের উদ্যোগ গ্রহণ করেননি। বরং, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ এলাকাবাসী নিজ অর্থায়নে জমি কিনে এবং মসজিদের জন্য দানকৃত জমির ওপর মসজিদটি পুন:নির্মাণের উদ্যোগ নিলে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বাঁধা দেয়া হয়। তারা বলেন, ভূমি রেকর্ডের বিদ্যমান খতিয়ান- এস.এ আর.এস-কে পাশ কাটিয়ে ষড়যন্ত্রমূলকভাবে সি.এস খতিয়ান অনুসরণ করে জায়গাটি নিজের দাবি করছে। তারা বলেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা একশ্রেণীর অসাধু ব্যক্তি সরকারের চলমান উন্নয়নকে নস্যাৎ করার জন্য এই ধরণের স্পর্শকাতর বিষয়ে আঘাত করা হচ্ছে।
এদিকে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে সড়ক উন্নয়নের স্বার্থে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে যা এখনও চলমান রয়েছে। সরকারি জমির ওপর মসজিদ নির্মাণ না করে নিজস্ব জমিতে মসজিদ নির্মাণে সড়ক বিভাগের কোন বাধা নেই বলে তিনি জানান।
একই দাবিতে গত ১ সেপ্টেম্বর দুপুরে মুসুল্লীরা মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছিলো।