বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ১৭৮টি দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে। ১২ উপজেলায় যাদের যাদের জায়গা আছে ঘর নেই তাদের জন্যই গৃহগুলো
নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ অক্টোবর দেশের অন্যান্য স্থানের সাথে একযোগে উদ্বোধন করবেন। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা এবং টিআর কর্মসূচির আওতায় জেলার অসচ্ছল, হতদরিদ্র, গৃহহীণ পরিবার, বিধবা, তালকপ্রাপ্ত নারী, প্রতিবন্ধী নারী-পুরুষ, অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ১৭৮টি বাড়ি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বগুড়া সদর উপজেলায় ১৬টি, সারিয়াকান্দিতে ১৯টি, সোনাতলায় ২১টি, শিবগঞ্জে ১৬টি, আদমদীঘিতে ১২টি, দুপচাঁচিয়ায় ১২টি, কাহালুতে ১১টি, নন্দীগ্রামে ১৪টি, শেরপুরে ১৪টি, ধুনটে ১৮টি, গাবতলীতে ১৪টি ও শাজাহানপুর উপজেলায় ১১টি। প্রতিটি বাড়িতে রয়েছে,
১০-১০ বর্গফুটের দুটি রুম, একটি রান্না ঘর ও একটি ল্যাট্রিন। একটি বাড়ির জন্য দুই লাখ ৫৮ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে। ১৭৮টি বাড়ি নির্মাণে মোট খরচ হয়েছে, চার কোটি ৬০ লাখ ১৩ হাজার টাকা।
সুবিধাভোগী নন্দীগ্রাম উপজেলার সিংজানী গ্রামের আতাউর রহমান, দাসগ্রামের আনোয়ার হোসেন, বুড়ইল গ্রামের শামসুর রহমান, তেঘরী গ্রামের ইসমাইল হোসেন, হাটলাল গ্রামের মিন্টু মিয়া। বৃকঞ্চি গ্রামের খোকন আলী, কুমিড়া গ্রামের দুলাল হোসেন, চৌদীঘি গ্রামের জিনাত রেহেনা, পারশন গ্রামের চাঁন মিয়া, গোপালপুর গ্রামের লিটন মিয়া ও ঢাকইর গ্রামের জোসনা খাতুন জানান, গৃহ পেয়ে তারা খুব সন্তুষ্ট। তারা এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এখন তারা কেউ আর গৃহহীন নন।
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মন্ডল জানান, আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একযোগে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য প্রথম ধাপে নির্মিত বাড়িগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
তিনি আরো জানান, আগামী ২০১৯-২০ অর্থ বছরে বগুড়া জেলায় আরো ২৮৮টি বাড়ি নির্মাণ করা হবে। প্রতিটি বাড়ির জন্য নির্মাণ ব্যয় হবে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা।