বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মোড় এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ৩ শিক্ষককে দেশীয় অস্ত্রের মুখে ও মারপিট করে ১০ হাজার টাকাসহ দুটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। শিক্ষকরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাসিল রঘুনাথপুর বায়তুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মৌঃ জামাল উদ্দিন (৫০), মৌঃ মিনহাজুল ইসলাম (২৭) ও মৌঃ আব্দুল ওয়াহেদ (২৮)। তারা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মাদ্রাসার কালেকশন করার জন্য মটোর সাইকেলযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে যাওয়া হয় এবং সেখান থেকে রাত ৯ টার দিকে আসার পথে উল্লেখিত স্থানে হাফ প্যান্ট পরিহিত ৫/৭জন যুবক হাসুয়া, রড ও ছুরি উচিয়ে মটোর সাইকেল গতিরোধ করে মারপিট শুরু করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রের মুখে উল্লেখিত টাকা ও মোবাইল নিয়ে যায়। ঘটনার রাতেই রায়গঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছে। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম ও কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সংগঠিত ঘটনাটি জানা নেই। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি উল্লেখ করেন।